২৮ এপ্রিল, ২০২৬
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪২ বছর। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আটটার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহীদ শাহ নেওয়াজ হল–সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষার্থী মো. মেজবাহ বলেন, রাত আটটার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।