২৯ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। তিনি খামারে মুরগী পালনের পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। নাস্তা করার জন্য ডাকতে গিয়ে তার মা তাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পান। পরে রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রনি চৌধুরী নামের এক যুবককে হাসপাতালে স্বজনরা নিয়ে এলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।