বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

২৮ এপ্রিল, ২০২৬

বগুড়া শহরের জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের আজিজুল হক কলেজের সামনে অবস্থিত মেসার্স সায়েম ট্রেডার্স খেজুরের গুদামে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে গোডাউনে থাকা খেজুর, প্যাকেজিং মেশিন, দুটি গাড়ি আগুনে পুড়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

গোডাউন মালিক আব্দুল মান্নানের ছেলে ডা. আব্দুর রব রায়হান জানান, আগুনে দুটি খেজুর রিপ্যাকেটিং করার মেশিন, একটি কাভার্ডভ্যান ও মজুত করা কয়েক লাখ টাকার খেজুর পুরোপুরি পুড়ে গেছে। আমাদের একটি ব্যক্তিগত ব্যবহৃত গাড়ির অর্ধেক অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের কেউ হতাহত হয়নি। 

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমাদের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। তবে এরমধ্যে গোডাউনে খেজুর, কিছু যন্ত্রাংশ ও গাড়ি পুড়ে গেছে।  

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে সদর থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানমালের নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।