বৃষ্টির পানি পড়া নিয়ে বিবাদ, বোয়ালখালীতে ৭ জনকে কুপিয়ে জখম

২৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সদীপ সর্দার (৫০), পূর্ণিমা সর্দার (৪৮), নিলয় সর্দার (১৭), দীপন সর্দার (২৬), চুমকি সর্দার (৩৪), সুজন সর্দার (৩৭) ও খোকন সর্দার (৩৭)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জায়গা-সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে সদীপ সর্দারের সঙ্গে তার ভাই সুধীর সর্দারের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে সুধীর সর্দার, তার স্ত্রী পলি সর্দার ও ভাইপো রিপন সর্দার ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রুপন সর্দার বলেন, এক ভাইয়ের ঘরের চালা থেকে বৃষ্টির পানি অপর ভাইয়ের ঘরে পড়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।