২৯ এপ্রিল, ২০২৬
কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. ইউসুফ নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার বৌলাই যশোদল বাইপাস সড়কের একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর গ্রামের মো. ওসমানের ছেলে।
নিহতের বাবা মো. ওসমান জানান, ইউসুফ তার সামনে দিয়েই হেঁটে যাচ্ছিল। বাড়ির কাছাকাছি বাইপাস সড়কে উঠতেই বেপরোয়া গতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।
তিনি বলেন, চোখের সামনেই আমার ছেলের জীবনটা কেড়ে নিল।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।