১৩ জুন, ২০২৬
ফরিদপুরে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার (১৩ জুন) ভোরে জেলার আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।
গ্রেফতার ব্যক্তি হলেন- মো. শরিফুল শেখ (৪৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার শেখের ছেলে।
র্যাব জানায়, শরিফুল শেখ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি মাদক চক্রের সক্রিয় সদস্য এবং একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে সংস্থাটি জানায়।