৩০ এপ্রিল, ২০২৬
যশোরের শেখহাটির আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে’ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এই অভিযানে ভেজাল মধু তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ ছিল। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল।
এছাড়াও, কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল। গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ মোড়ক উদ্ধার করা হয়। এমনকি কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণ করে রাখার প্রমাণও পাওয়া যায়।
পরে সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে বিএসটিআই যশোরের সহকারী পরিচালক আব্দুল মতিন অংশ নেন।
এর আগেও আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে’ একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগেও প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং একাধিকবার জরিমানা করা হয়েছিল। তবে এবার সরাসরি কারাদণ্ড দেওয়া হয়েছে।