৩০ এপ্রিল, ২০২৬
শুরু থেকেই নাটকপ্রেমীদের সম্মোহিত করে রেখেছে মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক। শেষের দিকে এসে করে তুলেছে আবেগী। গতকাল বুধবারের এপিসোড দেখে অশ্রুসিক্ত হন দর্শকরা। আজ বৃহস্পতিবারের পর্ব প্রচারের পর ফাহাদ-সামীরের বাবার মৃত্যুর শোক যেন আরও আঁকড়ে ধরেছে দর্শকদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ‘এটা আমাদেরই গল্প’-এর ৫০ তম পর্ব ছয়ঘণ্টায় দেখেছেন ৪.৭ মিলিয়ন দর্শক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এপিসোডটির বিভিন্ন অংশ। ভাইরাল হয়েছে বাবার মরদেহের খাটিয়া ফাহাদের কাঁধে নেওয়ার দৃশ্য। যা দেখে আপ্লূত পরিচালক। প্রকাশ করেছেন নিজের মায়ের লাশ বহনের ছবি।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে নাটকের ওই স্থিরচিত্রের সঙ্গে বাস্তবের ছবিটি প্রকাশ করে রাজ লিখেছেন, ‘বাস্তব জীবনে যখন আপন মানুষের খাটিয়া কাঁধে নিয়েছিলাম, মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারি ওজনটা বইছি। আজ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে সেই একই দৃশ্য যখন পরিচালনা করছিলাম, হৃদয়ের পুরোনো ক্ষতগুলো আবার নতুন করে জেগে উঠল। এটা শুধু একটি নাটক নয়, এটা এক সন্তানের পরিবারের প্রতি শেষ বিদায়ের এক টুকরো জীবন্ত যন্ত্রণা।’
মন্তব্যের ঘরে পরিচালকের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহানুভূতি প্রকাশ করেছেন। মনিরা মিঠু লিখেছেন, ‘আহা, পিতা মাতার শেষ বিদায় যে সন্তানদের জন্য কতটা কষ্টের হয় … আহারে ভাই।’
রোজ বুধ-বৃহস্পতিবার প্রচারিত হয় ‘এটা আমাদেরই গল্প’। ৫২ পর্বে শেষ হবে ধারাবাহিকটি। এতে বিভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা মিঠু, দীপা খন্দকারকে।