০১ মে, ২০২৬
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল। অপরদিকে, জামায়াতপন্থি হিসেবে পরিচিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত প্যানেলটি বড় ব্যবধানে পরাজিত হয়েছে। নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সকল পদেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেল।
নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আলহাজ মো. নাজমুল আহসান পান ১৩৯ ভোট।
সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুর রহমানের প্রাপ্ত ভোট ১২৭।
সাধারণ সম্পাদক পদেও বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আরিফ হোসেন। তিনি পান ৩২৮ ভোট, বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মহিউদ্দিন পান মাত্র ৬৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে প্রতিদ্বন্দ্বী মো. মুজিবুল হক বিশ্বাস রানা পান ২৫৬ ভোট। এছাড়া অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসাইন ১০৯ এবং মোহাম্মদ ওমর ফারুক ৭৩ ভোট পান।
লাইব্রেরি সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মো. মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পান ৮৫ ভোট।
সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী পান ১৩৩ ভোট।
এ নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হওয়ায় ৪০৮টি ভোট বৈধ হিসেবে গণনা করা হয়।
এবারের নির্বাচনে দুটি প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্রতিদ্বন্দ্বিতা করে। ফলাফলে দেখা যায়, প্রায় সব গুরুত্বপূর্ণ পদেই জয়লাভ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যা নির্বাচনে তাদের শক্ত অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলটি প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়।