শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি

০১ মে, ২০২৬

বিশ্ববাজারে বাজেট স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে হাজির হলো পোকো সি৮১ প্রো। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, বিশাল ডিসপ্লে এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে শাওমির এই ফোনটি ইতোমধ্যেই টেক-প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বাজেট ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা এই ফোনের শুরুর দাম রাখা হয়েছে মাত্র ৯৯ ডলার।

বিশাল ডিসপ্লে ও স্মুথ অভিজ্ঞতা
Poco C81 Pro-তে দেওয়া হয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল HD+ LCD ডিসপ্লে। ১২০Hz রিফ্রেশ রেট থাকার কারণে এতে গেম খেলা বা ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অত্যন্ত মসৃণ। দীর্ঘক্ষণ ব্যবহারের কথা মাথায় রেখে এতে রাখা হয়েছে TÜV Rheinland লো ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন, যা চোখের ওপর বাড়তি চাপ পড়তে দেবে না।

পারফরম্যান্স ও স্টোরেজ
ফোনের গতি নিশ্চিতে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 অক্টা-কোর প্রসেসর। মাল্টিটাস্কিংয়ের জন্য ৪ জিবি র‌ামের পাশাপাশি এতে আছে ভার্চুয়াল RAM বাড়ানোর সুবিধা, যার ফলে ফোনটি ৮ জিবির মতো পারফরম্যান্স দিতে সক্ষম। স্টোরেজের জন্য ৬৪ জিবি থেকে শুরু করে ২৫৬ জিবি পর্যন্ত ভেরিয়েন্ট বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।

শক্তিশালী ব্যাটারি ও চার্জিং
এই ফোনের প্রধান আকর্ষণ হলো এর শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে ফোনটিতে টানা ৭৯ ঘণ্টারও বেশি মিউজিক শোনা সম্ভব। সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ব্যাটারি রিচার্জকে করবে সহজ।

ক্যামেরা ও অন্যান্য ফিচার
ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি লেন্স। সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা হয়েছে। এই ফোনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো 'Wet Touch Technology 2.0', যার ফলে হাত ভেজা থাকলেও স্ক্রিন সাবলীলভাবে কাজ করবে।

কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ৫.২, এনএফসি, টাইপ-সি পোর্ট এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাকের মতো প্রয়োজনীয় সব ফিচারই এতে রাখা হয়েছে। যারা কম বাজেটের মধ্যে প্রিমিয়াম লুক এবং শক্তিশালী পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য Poco C81 Pro সেরা পছন্দ হতে পারে।