০৩ মে, ২০২৬
বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
ওই ঘোষণায় মহানগর ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে এনামুল হাসান তাসনিমকে। সদস্যসচিব হয়েছেন নাভিদ রহমান খান (তুষার) ও আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাহমুদ হাসান তানজিলকে।
মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে একাধিক পরিচিত মুখ। তারা হলেন, আহাদ হোসাইন আবির, মাজহারুল ইসলাম মনিস, সজল তালুকদার।
এ ছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, খালেদ হোসেন বাবর, হুমায়ুন কবির খান (ফেরদৌস), জহির রায়হান, সাদ্দাম হোসেন, সিহাব (ববি), আল আমিন হাসান ও রাকিব তালুকদার।
একই সঙ্গে জেলা ছাত্রদলের নেতৃত্বেও এসেছে নতুন কিন্তু পরিচিত মুখ।
আহ্বায়ক করা হয়েছে তৌফিকুল ইসলাম ইমরান। সদস্যসচিব মো. আল আমীন মৃধা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন।
জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের মোল্লা, ইমরান আহমেদ (ইব্রাহিম), জাহিদুল ইসলাম পিন্টু, জাহিদ সাকিন (ববি), মহসিন শিকদার, আরিফ হোসেন (ববি), ইমতিয়াজ চৌধুরী, রফিকুল ইসলাম (রফিক মৃধা) ও সৈয়দ মাহমুদ হাসান।
নতুন দায়িত্ব পেয়ে মহানগরের আহ্বায়ক তাসনিম বলেন, সংগঠনকে আরো সক্রিয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথাও জানান তিনি।
সদস্যসচিব তুষারের ভাষায়, এ কমিটি ‘রাজপথের ঘাম ও রক্তের ফসল’। তার দাবি, ত্যাগী কর্মীদের মূল্যায়ন করেই নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে এবং আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করা হবে।
জেলা আহ্বায়ক ইমরান বলেন, ‘তৃণমূল কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে, তা রাজপথে বাস্তবায়ন করবেন তারা।
’
কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল ২০১১ সালে। পরে ২০১৮ সালে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলেও সেই নেতৃত্বই দীর্ঘদিন দায়িত্বে ছিল। প্রায় আট বছর পর নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আরো শক্তিশালী হবে বলে নেতাকর্মীরা আশা করছেন।