নেত্রকোনায় কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ৩

০৩ মে, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে কথা-কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের তেরীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে নূর মোহাম্মদের মা নূরনাহার ও তার বোনের জামাই মাজেদুলকে গ্রেপ্তার করা হয়। পরে ভোররাতে নেত্রকোনা জেলা শহরের মালনী এলাকা থেকে মূল অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। নূর মোহাম্মদ তেরীবাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওয়াহিদুল ইসলাম বাসার সামনে বের হলে প্রতিবেশী নূর মোহাম্মদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূর মোহাম্মদ ছুরি দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রধান আসামি নূর মোহাম্মদকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। আটক তিনজনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।