০৪ মে, ২০২৬
কানাডার পুরুষ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ কোচ মন্টি দেসাইকে। দীর্ঘ দুই দশকেরও বেশি আন্তর্জাতিক কোচিং অভিজ্ঞতাসম্পন্ন দেসাই এবার কানাডার ক্রিকেটকে নতুন উচ্চতায় নেয়ার দায়িত্ব পেলেন।
দেসাই এর আগে নেপাল ও আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে নেপালের দায়িত্বে থাকাকালীন তিনি দলটিকে ওয়ানডে মর্যাদা ফিরে পেতে এবং একাধিক আইসিসি টুর্নামেন্টে যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ক্রিকেট কানাডার সভাপতি আর্ভিন্দার খোসা বলেন, কানাডার ক্রিকেটকে আবারও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করাই তাদের প্রধান লক্ষ্য। তার ভাষায়, পারফরম্যান্স, পেশাদারিত্ব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দলকে এগিয়ে নিতে মন্টি দেসাইয়ের নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও জানান, সাম্প্রতিক আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের পর কানাডার ক্রিকেট একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। নতুন কোচের অধীনে দল উল্লেখযোগ্য উন্নতি করবে বলে তারা আশাবাদী।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশাই। তিনি বলেন, কানাডা ক্রিকেটের সম্ভাবনা এবং ক্রিকেটের প্রতি আগ্রহ তাকে অনুপ্রাণিত করেছে। তার মতে, নেপাল ও আফগানিস্তানের মতো অ্যাসোসিয়েট দেশগুলো প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস থাকলে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য সম্ভব।