০৪ মে, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ভারটেক্স আইকনের ম্যানেজিং পার্টনার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী বর্ষসেরা আরবিট্রেশন আইনজীবী হিসেবে পুরস্কার পেয়েছেন।
সম্প্রতি ব্যাংককের আসাউইন গ্র্যান্ড কনভেনশন হোটেলে অনুষ্ঠিত ৯ম গ্লোবাল আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন কনফারেন্সে তাকে বর্ষসেরা আরবিট্রেশন আইনজীবীর পুরস্কার তুলে দেওয়া হয়।
ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী রাজস্ব ও বিরোধ নিষ্পত্তি বিষয়ে চিন্তাশীল নেতৃত্বের জন্য বিশেষভাবে সুপরিচিত। তিনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্র্যাকটিশনার্স টেক্সটবুক “Corporate Tax Law and Practice” এবং “Commentaries on the Law of Arbitration in Bangladesh” এর লেখক। তার বইগুলো ইউনিভার্সিটি অব শিকাগো ল’ স্কুল, হার্ভার্ড ল’ স্কুল, লাইব্রেরি অব কংগ্রেস এবং ব্রিটিশ লাইব্রেরিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সংরক্ষিত হয়েছে।
তিনি “Secured Transaction Law in Asia” (Hart Publishing, ২০২১)-এর বাংলাদেশ অধ্যায়ের সহলেখকও। এ ছাড়া বাংলাদেশ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৩ এবং বাংলাদেশ সিকিউরড ট্রানজ্যাকশন (মুভেবল প্রপার্টি) অ্যাক্ট ২০২৩ সহ বিভিন্ন আইন প্রণয়নে তিনি খসড়া প্রণেতা হিসেবে কাজ করেছেন।
তিনি ইউনিভার্সিটি অব কানেকটিকাট ল’ স্কুল এবং ব্রিটিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড কমপারেটিভ ল (লন্ডন)-এ ভিজিটিং রিসার্চ ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জুনায়েদ চৌধুরী ইউনিভার্সিটি অব শিকাগো ল’ স্কুল থেকে এলএল.এম ডিগ্রি অর্জন করেছেন।