ইরানের ওপর চাপ বাড়িয়ে আলোচনার পথ খোলা রাখছে যুক্তরাষ্ট্র

০৫ মে, ২০২৬

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আরও কঠোর রূপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন—হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর আওতায় চলাচলকারী মার্কিন জাহাজে ইরান যদি হামলা চালায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। তার ভাষায়, এমন হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় এখন যুক্তরাষ্ট্রের হাতে আরও উন্নত মানের এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। তিনি বলেন, আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারা বিশ্বজুড়ে আমাদের ঘাঁটি রয়েছে এবং সব ঘাঁটিই প্রয়োজনীয় সরঞ্জামে পরিপূর্ণ। প্রয়োজনে আমরা এই ক্ষমতার সবটুকু ব্যবহার করব।

একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন আগের তুলনায় ‘অনেক বেশি নমনীয়’ অবস্থানে রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই নমনীয়তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।

এদিকে, সম্প্রতি হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ভঙ্গ হয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, জাহাজ চলাচল করছে। গত রাতে বড় কয়েকটি জাহাজ আমরা সরিয়েছি। তখন কোনো গুলিবর্ষণ হয়নি। তবে পরে কী ঘটেছে, আমি তা দেখছি।

এ সময় তিনি সতর্ক করে বলেন, ইরানের জন্য সবচেয়ে ভালো হবে যদি এই যুদ্ধবিরতি কার্যকর থাকে। ট্রাম্পের ভাষায়, তাদের জন্য সবচেয়ে ভালো বিষয় হবে—যদি যুদ্ধবিরতি বহাল থাকে।