০৫ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় সক্রিয় হয়ে উঠেছিল জাল টাকার চক্র। এমন তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার ‘বড় মহাজন’খ্যাত কাউসারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।
গ্রেফতারকৃতরা হলেন- মো. কাউসার (৫০) ও মো. কামাল (৫১)।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কেরানীগঞ্জের কদমতলীতে ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি দল সোমবার রাতে কেরানীগঞ্জের ভাগনা মুজিবনগর এলাকায় পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় কাউসার ও তার সহযোগী, বাড়ির মালিক মো. কামালকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে কাউসারের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, জলছাপযুক্ত বিশেষ কাগজ, কালি, হ্যান্ড সিলার এবং তিনটি কাঠের ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ডিবি জানায়, ‘বড় মহাজন’খ্যাত কাউসার প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত। এর আগে তিনি ছয়বার গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। প্রতিবার জামিনে বের হয়ে তিনি পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল চক্রটি।
তবে তার আগেই তাদের গ্রেফতার করা হয়।