কাশিয়ানীতে দলিল লেখকসহ ৩ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা

০৫ মে, ২০২৬

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে অসুস্থ ব্যক্তিকে ‘ভুল বুঝিয়ে’ ও সাক্ষীর ‘স্বাক্ষর জাল’ করে জমি লিখে নেওয়ার অভিযোগে দলিল লেখকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল সোমবার (৪ মে) উপজেলার রামদিয়া গ্রামের ভুক্তভোগী রাকিবুল ইসলাম মিটু বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— দলিল লেখক শাহ আলমগীর (৫৫), শুভ মোল্যা (৩০) ও তার মাতা রিনু বেগম (৬০)। তাদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে।

বাদীপক্ষের আইনজীবী আজগার আলী খান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর পিতা আবুল হাসেম মোল্যা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। এ সুযোগে ২০২৪ সালের ১২ জুন তাকে জমি নামজারীর (মিউটেশন) কথা বলে কাশিয়ানী সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যান তার আপন ভাইয়ের স্ত্রী রিনু বেগম ও ভাতিজা শুভ মোল্যা। সেখানে হাসেম মোল্যার নামের রেকর্ডকৃত ১০৬ নং রামদিয়া মৌজার, এসএ ৬৯৮ নং খতিয়ানের ৩২৩ নং দাগের ১৮.৫ শতাংশ জমি হেবা দলিল মূলে লিখে নেওয়া হয়।

এছাড়া মামলার বাদী চাকরির সুবাদে সৌদি আরবে থাকা অবস্থায় তার স্বাক্ষর জাল করে সাক্ষী দেখানো হয়েছে। দলিল লেখক শাহ আলমগীর জাল দলিলের কাজে সহযোগিতা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মামলার বাদী দলিলের নকল তুলে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে গোপালগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন।  

এ বিষয় অভিযুক্ত দলিল লেখক শাহ আলমগীরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই।

তবে দলিলের সময় তৎকালীন সাব রেজিস্ট্রার শাহ আরিফ সড়ক দুর্ঘটনায় আহত ছিলেন। যে কারণে তার বাসায় গিয়ে দলিলটি সম্পাদন করা হয়। ’ বাকী অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি