০৬ মে, ২০২৬
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তিন হাজার ৯১৫ পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার চৌধুরীপাড়া এলাকার মৃত মান্নান ভুঁইয়ার ছেলে দিল মোহাম্মদ (৫২) এবং একই এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত বদি আলমের ছেলে মো. জাফর আলম (৩৫)।
র্যাব জানায়, কয়েকজন মাদক কারবারি ইয়াবা নিয়ে মোহরা এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল- এমন খবর পেয়ে র্যাব-৭-এর একটি দল চান্দগাঁও থানার মোহরা কাপ্তাই সড়কের শাহজালাল পুল গার্ডেনের সামনে অভিযান চালায়।
অভিযানকালে তল্লাশি চালিয়ে আটক দিল মোহাম্মদের পায়ে পরা অ্যাংকলেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটককৃতদের ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।