সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

০৭ মে, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রামানিক (২৮), জুলহাস প্রামানিক (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০), গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২) এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।

পুলিশ জানায়, হাটিকুমরুল গোলচত্বরের চড়িয়া মধ্যপাড়া এলাকায় বাকিরুলের বাড়িতে ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টা ৩৫ মিনিটে অভিযান চালানো হয়। এ সময় তাদের আটক করা হয়।

ওসি আসলাম হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।