নারী ভক্তের আচরণে অস্বস্তিতে আতিফ আসলাম

১০ মে, ২০২৬

কনসার্ট চলাকালে এক নারী ভক্তের আচরণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। সম্প্রতি পাকিস্তানের করাচিতে আয়োজিত এক কনসার্টে ঘটে এই ঘটনা। পরে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।

জানা গেছে, করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করছিলেন আতিফ আসলাম।

এসময় হঠাৎ এক তরুণী ভিড় ঠেলে মঞ্চে উঠে আসেন। শুরুতে পরিস্থিতি স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করেন গায়ক। ভক্তের আবদার মেনে হাসিমুখেই তাকে সেলফি তোলার সুযোগ দেন তিনি। তবে ছবি তোলার পরও ওই তরুণী মঞ্চ ছাড়তে রাজি হননি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তরুণী বারবার গায়কের সামনে ক্যামেরা ধরে আরও ছবি তোলার জন্য জোর করতে থাকেন। এতে কনসার্টের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। একপর্যায়ে বিরক্ত হয়ে গান থামিয়ে মঞ্চের একপাশে সরে যান আতিফ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মঞ্চে ওঠেন নিরাপত্তারক্ষীরা। তারা ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি তাদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন।

তরুণীর এমন আচরণে আতিফ আসলামের মুখে বিরক্তির ছাপ দেখা গেলেও পুরো সময়ই তিনি ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ভক্তদের এমন অপেশাদার আচরণের সমালোচনা করেছেন। পাশাপাশি উত্তেজনাকর পরিস্থিতিতেও শান্ত থেকে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য আতিফ আসলামের প্রশংসা করছেন নেটিজেনরা।