১১ মে, ২০২৬
কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলি গ্রামে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের এক নেতাসহ ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে।
হত্যার ঘটনায় নিহতের বড় ভাই আবদুল বাতেন মৃধা বাদী হয়ে মেঘনা থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন মৃধা তুলাতুলি গ্রামের আবদুর রহমান মৃধার ছেলে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সোমবার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, একটি গ্রামীণ সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহতের বড় ভাই রবিবার রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহতের বড় ভাই আবদুল বাতেন মৃধা বলেন, তাঁর ফসলি জমির ওপর দিয়ে চন্দনপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন নতুন একটি গ্রামীণ সড়ক নির্মাণের কাজ শুরু করেন। তিনি সড়কটি জমির ওপর দিয়ে না নিয়ে পাশ দিয়ে নেওয়ার অনুরোধ জানান। এতে নাছির উদ্দিন ক্ষুব্ধ হন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তাঁর ছোট ভাই দেলোয়ার হোসেন পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাচ্ছিলেন। এসময় নাছির উদ্দিন ও তাঁর সহযোগীরা তাঁদের কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুই ভাইকে উদ্ধার করেন। দেলোয়ার হোসেনকে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।