১২ মে, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নারী-পুরুষের আপত্তিকর ছবি তৈরি করে, চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১-এর সহায়তায় কলাপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানটি পরিচালনা করে।
এর আগে গত ৬ মে রিমনসহ দুজনের নামে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন পৌর শহরের রহমপুর এলাকার ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা মিন্টু।
ভুক্তভোগী মিন্টু বলেন, কয়েকদিন আগে রিমন ও তার সহযোগী একটি ফেসবুক পেইজে তার নামে বাজে স্ট্যাটাস দেন। পরে এক নারীর সঙ্গে এআই দিয়ে তার ছবি সংযুক্ত করে ওই পেইজে প্রচার করেন। একই সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে পাঁচলাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এআই ভিডিও প্রকাশ করা হবে বলেও হুমকি দেয় তারা।
মিন্টু দাবি করেন, সে সময় নিরুপায় হয়ে বিকাশের মাধ্যমে তাদের ধাপে ধাপে প্রায় ১ লাখ টাকা দিয়েছেন। তারপর আরও চাঁদা দাবি করলে তিনি থানায় মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁদা দাবির ঘটনা স্বীকার করেছেন। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।