১৩ মে, ২০২৬
রাঙ্গামাটিতে হলুদ বোঝাই চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আ. সালাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হন।
মঙ্গলবার (১২ মে) দিনগত রাতে রাজস্থলীর ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মো. বেলাল হোসেন (৩৮) নামে এক যুবক। তাকে উন্নত চিকিৎস্যার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুয়া থেকে হলুদ বোঝাই করে চাঁদের গাড়ি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়।
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. নেজাম উদ্দিন বলেন, রাতে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন জানান, ফারুয়ার লতাপাহাড় এলাকায় হলুদ বোঝাই একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে একজন মারা গেছেন, আহত হযেছেন একজন।
তিনি আরও বলেন, সকালে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।