১৫ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে প্রতিবেশী হিরন মিয়া সরকার, সেলিম মিয়া, হানিফ মিয়া ও শরুফা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমিনুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলার পরই প্রবাসীর স্ত্রী জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চান।
ভুক্তভোগী সালমা বেগম দাবি করেন, হামলার সময় প্রতিপক্ষরা লোকজন সন্তানসহ তাকে মারধর করেছেন। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঘরে থাকা আলমারি থেকে নগদ প্রায় ২ লাখ টাকা ও আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় আমি সন্তানদের নিয়ে একা বসবাস করি। দীর্ঘদিন ধরে হামলাকারীরা তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয়দের ভাষ্য, হামলার সময় প্রতিপক্ষের লোকজন প্রবাসী আমিনুল ইসলামের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নতুন তালা লাগিয়ে দেয়।
তবে অভিযুক্ত হিরন মিয়া বলেন, আমিনুল ইসলাম জোরপূর্বক জমি দখল করে রেখেছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান উল্লাহ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।