১৬ মে, ২০২৬
জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সদ্য নিযুক্ত চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, সামরিক বেসামরিক প্রশাসন, ডিসি-এসপির নেতৃত্বে গত নির্বাচনে ‘মেডিকুলাস’ ডিজাইন করে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কারণে ইতিমধ্যে পাবনার ডিসি-এসপিকে প্রত্যাহার করা হয়েছে। চাটমোহর থানা থেকে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনে এখনো ষড়যন্ত্রকারী যারা বহাল রয়েছেন। তারাও বিছানাপত্র গুছিয়ে রাখুন, আপনারাও স্বল্প সময়ের মধ্যে প্রত্যাহার হবেন।
’
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় চাটমোহর ঐহিহাসিক বালুচর মাঠ সংলগ্ন মঞ্চে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা তথা পাবনা-৩ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘যারা নির্বাচনের দিন পর্যন্ত আমার বিরোধীতা করেছেন, তারা ইতোমধ্যে দল থেকে বহিষ্কার হয়েছেন। যারা এখনো বহিষ্কার হয় নাই, তারাও লাল কাগজ পেয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত বহিষ্কৃতদের দল করার সুযোগ থাকবে না।
যারা তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না, যারা ধানের শীষের বিপক্ষে কাজ করেছেন। তাদের ক্ষমা করার সুযোগ নেই।’
কৃষিবিদ তুহিনের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর সদ্য নিযুক্ত চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম এলাকায় আসায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিকেলে কাছিকাটা বিশ্বরোড মোড়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহযোগে তাকে স্বাগত জানান। এরপর তিনি ছাইকোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সেখান থেকে তিনি গাড়িবহর নিয়ে বালুচর খেলার মাঠ সংলগ্ন মঞ্চে পৌঁছালে স্লোগানে মুখরিত নেতা-কর্মীরা তাকে মঞ্চে নিয়ে যান।
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু।
এসময় চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এবং বিএমডিএ-এর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।