মেহেরপুরে অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেফতার

১৬ মে, ২০২৬

 

মেহেরপুর ডিবি পুলিশের একটি দল পৃথক দুটি অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রাফসান জনি রিপন (৩২), মো. ফাহাদ হাসান জুনায়েদ (১৯), মো. বায়েজিদ ডালিম (৩০) ও মো. রকিবুল ইসলাম (৩৫)।  

তাদের কাছ থেকে একাধিক স্মার্টফোন, জুয়ার অ্যাকাউন্ট, ই-মেইল আইডি এবং অবৈধ ডলার লেনদেনের তথ্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাতভর মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।  

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেহেরপুর পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।  

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদবিল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বায়েজিদ ডালিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি গ্যালাক্সি জেড ফোল্ডার ৫ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুজিবনগরের পুরন্দরপুর গ্রাম থেকে রকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি অপপো স্মার্টফোন জব্দ করা হয়। ফোন দুটি যাচাই করে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশন, অবৈধ ডলার কেনাবেচা ও অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার তথ্য পাওয়া যায়।

অপরদিকে ডিবির আরেকটি টিম গাড়াডোব এলাকা থেকে রাফসান জনি রিপনকে আটক করে।

তার ব্যবহৃত রিদমি নোট ১৪ মােবাইল ফোনে ৩৭টি মেইল আইডি ও ২৯টি অনলাইন জুয়ার অ্যাকাউন্টের সন্ধান মেলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমঝুপি এলাকা থেকে ফাহাদ হাসান জুনায়েদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা অপপো এ৩৮ মোবাইল ফোনে সাতটি ই-মেইল আইডিসহ অনলাইন জুয়ার মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়া যায়।  

ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে নিজেদের ও অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা, জুয়ায় অংশগ্রহণ এবং বাইনস ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন করে আসছিল। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর আওতায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।