বিয়ানীবাজারে ছুরিকাঘাতে কিশোর নিহত

১৬ মে, ২০২৬

সিলেটের বিয়ানীবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোরের ছুরিকাঘাতে আরেক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার অভিযুক্ত কিশোরকে শিশু আদালতে পাঠিয়েছে পুলিশ। নিহত ও অভিযুক্ত কিশোর সম্পর্কে পরস্পরের ফুফাতো ও মামাতো ভাই।

পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে পাড়িয়াবহর গ্রামের তামিম আহমদ (১৪) ও সিয়াম আহমদের (১১) মধ্যে ঝগড়া হয়। তারই জেরে সন্ধ্যায় তামিম আম কাটার ছোরা দিয়ে সিয়ামকে আঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় সিয়াম।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, তামিম ও সিয়াম পরস্পরের ফুফাতো ও মামাতো ভাই।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সিয়ামের মা ছালিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত তামিমকে হেফাজতে নিয়ে শিশু আদালতে সোপর্দ করেছে।