আমিরাতে ড্রোন হামলার নিন্দা ভারতের, সংযমের আহ্বান

১৮ মে, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চালানো ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা এই হামলায় গভীরভাবে উদ্বিগ্ন।

রোববার মধ্যরাতে আল-জাজিরার প্রতিবেদনে ভারত সরকারের বরাতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং এটি অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে এবং সংলাপ ও কূটনৈতিক পথেই ফিরে যেতে হবে।

এর আগে আরব আমিরাতের কর্মকর্তারাও পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনবিরোধী ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আনোয়ার গারগাশ একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।