টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

১৮ মে, ২০২৬

কক্সবাজারের টেকনাফে মো. আব্দুল্লাহ (৩২) নামে মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার ভোরে টেকনাফ সদর ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ার মোজাহের মিয়ার ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভোরে টেকনাফ মডেল থানাধীন সদর ছোট হাবিবপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, তিনি সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) এর আকবর শাহ থানার মামলা নং-৩৭(০৮)২০১৭, জিআর মামলা নং-৩১৩/২০১৭, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারার মামলার আসামি। আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে