ছেলের সঙ্গে অভিমান করে ‘বিষপানে’ বৃদ্ধার মৃত্যু

১৯ মে, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলের সঙ্গে অভিমান করে ‘বিষপান করা’ হোসনেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হোসনেয়ারা বেগম উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) রাত প্রায় ১১টার দিকে পারিবারিক কলহের জেরে ছেলে শমসের তার মা হোসনেয়ারা বেগমকে বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ওই রাতেই তিনি ঘাস মারার বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত চলছে। বিস্তারিত তথ্য উদ্ঘাটনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।