অবসর ভেঙে ফিরছেন নয়ার, খেলবেন বিশ্বকাপে

১৯ মে, ২০২৬

বিশ্বকাপের দল ঘোষণার ঠিক ৪৮ ঘণ্টা আগে জার্মান ফুটবলে যেন এক পারমাণবিক বিস্ফোরণ ঘটল। সব জল্পনা-কল্পনা আর ফুটবলীয় যুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দুই বছর পর আবারও জার্মানির এক নম্বর গোলরক্ষক হিসেবে কামব্যাক করতে যাচ্ছেন কিংবদন্তি ম্যানুয়েল নয়ার। জার্মান গণমাধ্যমগুলোর এই বিস্ফোরক দাবির পর ফুটবল বিশ্বে এখন তুমুল আলোচনা-সমালোচনা।

জার্মানির প্রভাবশালী ট্যাবলয়েড 'বিল্ড' এক প্রতিবেদনে দাবি করেছে, কোচ জুলিয়ান নাগেলসম্যান ইতিমধ্যেই দলের অভ্যন্তরীণ খেলোয়াড়দের তাঁর এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এমনকি এত দিন ধরে টের স্টেগেনের চোটে জার্মানির এক নম্বর গোলরক্ষক হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকা অলিভার বাউম্যানকেও এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। 

৪০ বছর বয়সী নয়ারকে সরাসরি একাদশে রেখেই বৃহস্পতিবার বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছেন নাগেলসম্যান। যদিও গত শনিবার এক টিভি শো-তে এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে মুখে কুলুপ এঁটেছিলেন কোচ, আর মঙ্গলবার জার্মান ফুটবল ফেডারেশনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।

ইউরো ২০২৪ শেষে ১২৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা নয়ার যে এখনো ফুরিয়ে যাননি, তার প্রমাণ তিনি মাঠেই দিয়েছেন। গত শুক্রবার বায়ার্নের সাথে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়ানোর পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে একাই দেয়াল হয়ে দাঁড়িয়ে বায়ার্নকে জিতিয়েছিলেন, জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কারও। কিন্তু নাগেলসম্যানের এই স্বপ্নের প্রত্যাবর্তনের মাঝে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নয়ারের ‘কাচের শরীর’।

২০২২ সালের সেই ভয়াবহ স্কিইং দুর্ঘটনার পর থেকে নয়ারের পায়ে চোট যেন নিত্যসঙ্গী। চলতি মৌসুমে কাফ ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচ মিস করার পর গত শনিবার বুন্দেসলিগার শেষ ম্যাচেও একই চোটের কারণে মাত্র ৬০ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এই সপ্তাহে স্টুটগার্টের বিপক্ষে জার্মান কাপের মেগা ফাইনালে তাঁর খেলা যেখানে চরম অনিশ্চিত, সেখানে তাকে নিয়ে বিশ্বকাপের মতো বড় মঞ্চে জুয়া খেলাটা নাগেলসম্যানের জন্য কতটুকু বুদ্ধিমানের কাজ হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ জার্মান সমর্থকরাই।

সব প্রশ্নের উত্তর মিলবে আগামী বৃহস্পতিবার। নয়ারের এই রাজকীয় প্রত্যাবর্তন জার্মানিকে পঞ্চমবারের মতো বিশ্বসেরার মুকুট এনে দেয়, নাকি ইনজুরির চোরাবালিতে কোচ নাগেলসম্যানের সব পরিকল্পনা ভেস্তে যায়—তা দেখার জন্য মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।