২০ মে, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ছন্দে ছিলেন না মোহাম্মদ রিজওয়ান। তবে চলমান সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় রানের পথে পাকিস্তানের এই ব্যাটার। তাই পাকিস্তানের কোচ আসাদ শফিকের আশা, রিজওয়ান সেঞ্চুরি করতে পারলে তা দলের জন্য ভালো হবে।
আসাদ বলেন, 'রিজওয়ান এখন ৭৫ রানে খেলছে। ইনশাআল্লাহ, ও যদি এটাকে কনভার্ট করে ১০০ করতে পারে তাহলে দলের জন্য ভালো হবে। এ নিয়ে আমরা একসাথে বসে আগেও কথা বলেছি এবং আমরা আরও কথা বলব যে কীভাবে আমাদের কনভারশন রেট বাড়াতে পারি।'
'আসলে আমার সাথে তার (রিজওয়ান) এখনো কথা হয়নি। কারণ আমি সরাসরি এখানে চলে এসেছি। আমি যখন যাব তখন তাকে জিজ্ঞেস করব। তবে কখনো কখনো এমন হয় যে আপনার সাথের ব্যাটার আত্মবিশ্বাসী থাকে যে সে খেলতে চায়।'-যোগ করেন তিনি।
এদিন লিটন-রিজওয়ানের মধ্যে মাঠে তর্ক দেখা যায়। এ নিয়ে আসাদ বলেন, '(লিটন ও রিজওয়ানের মধ্যে) ঠিক কী ঘটেছিল সেটা আমি জানি না। তবে টেস্ট ম্যাচে এই ধরনের ঘটনা ঘটে। আমার মনে হয় এখানে সিরিয়াস কিছু ছিল না। আমার মনে হয় এটা সাধারণ একটা কথোপকথন ছিল।'