২০ মে, ২০২৬
বিশ্বকাপের দামামা বাজতেই একে একে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা ম্যানুয়েল নয়ারদের মতো মহাতারকাদের রেকর্ড গড়ার খবরের পর এবার আন্তর্জাতিক ফুটবলের অন্যতম ধারাবাহিক দল সুইজারল্যান্ডও তাদের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। আর এই দলে প্রত্যাশিতভাবেই নেতৃত্বের আর্মব্যান্ডসহ ডাক পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত শাকা।
৩৩ বছর বয়সী এই সুইস কাপ্তানের সামনে এবার অনন্য এক কীর্তি গড়ার সুযোগ, দেশের হয়ে টানা সপ্তম বারের মতো কোনো মেগা আন্তর্জাতিক টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) মাঠে নামবেন তিনি।
কোচ মুরাত ইয়াকিনের ঘোষিত এই স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছেন, যার মধ্যে সবচেয়ে বড় চমক বার্নলির ফরোয়ার্ড জেকি আমদুনি। হাঁটুর গুরুতর চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা এই ফুটবলার চলতি মরশুমে ক্লাবের হয়ে তিন ম্যাচে বদলি হিসেবে সব মিলিয়ে মাত্র ৪৫ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। এমন একজন অফ-ফর্ম ও আনফিট খেলোয়াড়কে বিশ্বকাপে নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে কোচ ইয়াকিন বলেন, "আমদুনি এখনো ১০০% ম্যাচ ফিট নয় সত্যি, কিন্তু দলের খেলার ধরণ, ট্যাকটিক্স এবং নিজের ভূমিকা ও খুব ভালো বোঝে। ও আমাদের অন্যতম বড় প্রতিভাবান অস্ত্র।"
অতীতের টুর্নামেন্টগুলোতে সুইজারল্যান্ড সবসময়ই বড় দলগুলোর জন্য ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিত। গত তিনটি বিশ্বকাপে তারা শেষ ১৬ এবং গত দুটি ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে খেলে নিজেদের শক্তির জানান দিয়েছে। এবার গ্রুপ ‘বি’-তে তাদের প্রতিপক্ষ কাতার, বসনিয়া-হার্জেগোভিনা এবং কানাডা। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সুইসদের মূল বিশ্বকাপ অভিযান। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ৩১ মে জর্ডান এবং ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাকা-আকাঞ্জিরা।
ইন্টার মিলানের তারকা ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি এবং বরুসিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলদের নিয়ে গড়া এই সুইস রক্ষণভাগ যেকোনো শক্তিশালী আক্রমণভাগকে আটকে দিতে সক্ষম। এখন দেখার বিষয়, সান্ডারল্যান্ডের হয়ে মাঠ কাঁপানো গ্রানিত শাকার অভিজ্ঞ মস্তিস্ক সুইজারল্যান্ডকে নকআউট পর্বের বৈতরণী পার করে কতদূর নিয়ে যেতে পারে।