চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

২১ মে, ২০২৬

চট্টগ্রাম নগরীর তিন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও বুধবার পুলিশ পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

জানা গেছে, বৃহস্পতিবার নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. এরশাদ নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. এরশাদ চকবাজার থানার ডিসি রোডের বাবু কলোনি এলাকার সিরাজ ভিলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, চকবাজার থানার একটি মামলায় আদালত মো. এরশাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এদিকে বুধবার নগরীর ইপিজেড থানার সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে ১৪ মামলার আসামি হামকা গ্রুপের সক্রিয় সদস্য নুরুল আলম প্রকাশ হামকা নুর আলম (৫১) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নুরুল আলম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিটঘর এলাকার সিরাজুল ইসলাম প্রকাশ শফিকুল ইসলামের ছেলে। ইপিজেড থানার ওসি আতিকুর রহমান জানান, ইপিজেড থানার সল্টগোলা এলাকা থেকে হামকা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীসহ দেশের বিভিন্ন থানায় মারামারি, মাদক, ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে ১৪টি মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে আদালকে সোপর্দ করা হয়েছে। একইদিন কোতোয়ালী থানা এলাকার একটি দোকানের ম্যানেজারের কাছ থেকে আইফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় কামরুল হোসেন (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কামরুল হোসেন পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।

কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন জানান, গত ১৩ মে ফলমন্ডি এলাকায় তৈয়ব্যিয়া ফার্ম নামক একটি ফলের দোকানের ম্যানেজার আব্দুল কাদের সন্ধ্যায় নিউমার্কেট যাচ্ছিলেন। পথে ফলমন্ডী পশ্চিম গেট ফ্লাইওভারের নিচে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় কামরুল হোসেন নামে এক ছিনতাইকারী তার সহযোগীসহ ম্যানেজার আব্দুল কাদেরকে ধরে তার কাছ থেকে আইফোন ও নগদ এক হাজার টাকা ছিনতাই করে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন।