চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন, বিএনপিপন্থিদের নিরঙ্কুশ জয়

২২ মে, ২০২৬

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবকটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থি আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা জয় লাভ করেছেন। নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা বাধার মুখে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা এনে তারা নির্বাচন বর্জন করে।

এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী ঐক্য পরিষদের তারিক আহমদ ও সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দীন। এছাড়া নির্বাচিত অন্যরা হলেন— সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন লাভলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ।

নির্বাচন কমিশন জানায়, এসব পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সম্পাদকীয় ১০টি পদের মধ্যে ৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সহসভাপতি পদে আইনজীবী ঐক্য ফোরামের নিলুফার ইয়াসমিন লাভলী ১ হাজার ৭৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদেও ঐক্য ফোরাম ও ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের মোট ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ফোরামের ১১ বিজয়ী সদস্য হলেন আলী আকবর, দিদারুল আলম, দিলদার আহমেদ ভূঁইয়া, মো. ইকবাল হোসেন, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ হাসান, মোকতার উদ্দিন, মোমেনুল হক, সাদিয়া খান, সাইফুল ইসলাম ও শেখ মো. ফয়সাল উদ্দিন। বিজয়ী সবাই বিএনপি সমর্থিত। জামায়াত সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করলেও ব্যালটে তাদের নাম থেকে যাওয়ায় ভোট পড়ে।

মুখ্য নির্বাচন কর্মকর্তা রৌশন আরা বেগম বলেন, বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা পূর্ণ প্যানেলে ২১টি পদের সব কটিতে বিজয়ী হয়েছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১টি সহসভাপতি ও ১১টি সদস্য পদে ভোট হয়েছে। সমিতিতে এবার ভোটার হয়েছেন ৪ হাজার ৫০০ জন। এর মধ্যে ২ হাজার ১৬০ সদস্য ভোট দিয়েছেন।