সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৮

২২ মে, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন পক্ষের মধ্যে টেঁটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজ এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর ইউনিয়নের চর জসিম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শহীদ বাউল গ্রুপ, মোক্তার হোসেন গ্রুপ এবং সুরুজ্জামান সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এসময় টেঁটা ব্যবহার করে হামলা চালানো হয়, এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরাঞ্চল হওয়ায় জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ এলাকায় প্রায়ই এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।