দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

২২ মে, ২০২৬

রংপুর-দিনাজপুর মহাসড়কে মিনি ট্রাকের ধাক্বায় ছপু আহমেদ নামে এক রিকশাভ্যান আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ওই মহাসড়কের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাকু ডাক্তারের মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।  

নিহত ছপু আহমেদ (৪১) তিন সন্তানের জনক এবং চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের খিজির মেম্বারপাড়ার আইনুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, ছপু আহমেদ ওই মহাসড়কে রানীরবন্দর থেকে রিকশাভ্যান যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাকু ডাক্তারের মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মিনি ট্রাক রিকশা ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে অজ্ঞাতনামা রিকশাভ্যান চালকসহ ছপু রিকশাভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে রানীরবন্দর ও পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে ছপু মৃত্যুবরণ করেন।  

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মিনি ট্রাক চালককে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে।