২২ মে, ২০২৬
এখন আমের মৌসুম চলছে, বাজারে সহজেই পাওয়া যাচ্ছে আম। এই মৌসুমে আম দিয়ে নানা ধরনের পদ তৈরি করা যায়।একটু ভিন্ন স্বাদ খুঁজলে ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাঙ্গো চিজ কেক। ম্যাঙ্গো চিজ কেক শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর। এই ডেজার্টটি তৈরি করাও বেশ সহজে, সাধারণ কিছু উপকরণ দিয়েই ঘরেই বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলের চিজ কেক।
গরমের বিকেলে বা বিশেষ কোনো পারিবারিক আড্ডায় এটি পরিবেশন করলে মুহূর্তেই সবার মন জিতে নেবে। অতিথি আপ্যায়নেও এটি হতে পারে এক রাজকীয় ডেজার্টের পারফেক্ট পছন্দ।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে ম্যাঙ্গো চিজ তৈরি করেবন-
উপকরণ
বিস্কুটের গুঁড়া দেড় কাপ
গলানো মাখন আধা কাপ
ক্রিম চিজ ২ কাপ
আমের পিউরি ১ কাপ
হেভি হুইপিং ক্রিম ১ কাপ
চিনি গুঁড়া আধা কাপ
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
জেলাটিন বা আগার-আগার পাউডার ১ চা চামচ
চিনি ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে বিস্কুটের গুঁড়ার সঙ্গে গলানো মাখন ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি ৬ বা ৭ ইঞ্চির স্প্রিংফর্ম প্যানে এই মিশ্রণটি সমানভাবে চেপে চেপে বসিয়ে দিন, যাতে একটি শক্ত বেস তৈরি হয়। এবার এটি ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিন।
এদিকে একটি বড় বাটিতে ক্রিম চিজ ও চিনি নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করুন, যতক্ষণ না এটি মসৃণ ও ক্রিমি হয়ে আসে। এরপর এতে আমের পিউরি, ভ্যানিলা এসেন্স যোগ করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন।
অন্য একটি পাত্রে হুইপিং ক্রিম ফেটিয়ে নিন যতক্ষণ না এটি শক্ত ও ফ্লাফি হয়। এবার এই হুইপ করা ক্রিম ধীরে ধীরে আগের চিজ ও আমের মিশ্রণের সঙ্গে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিন। এবার ফ্রিজে সেট করে রাখা বিস্কুট বেসের ওপর এই ক্রিমি ম্যাঙ্গো মিশ্রণটি ঢেলে দিন। ওপরের দিকটি সুন্দরভাবে সমান করে নিন।তারপর ৩ থেকে ৪ ঘণ্টা ফ্রিজে রেখে সেট হতে দিন।
এরপর আলাদা একটি পাত্রে পাকা আমের পিউরি, চিনি এবং আগার-আগার একসঙ্গে জ্বাল দিয়ে হালকা ঘন একটি টপিং তৈরি করুন। এটি ঠান্ডা হয়ে এলে কেকের ওপর ঢেলে দিন।
আবারও ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন যাতে টপ লেয়ার ভালোভাবে সেট হয়। সবশেষে কেকটি বের করে ওপর থেকে তাজা আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।