২৫ জুন, ২০২১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০৮ জন। যা দেশে করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।
শুক্রবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) দেশে করোনায় ৮১ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৭২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৭১৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস।