২৩ মে, ২০২৬
পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল ও ওয়ার্কশপ-২০২৬। শুক্রবার সকালে দেবীগঞ্জ উপজেলার সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়।
সোনাহার ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এ ফেস্টিভালে সহযোগিতা করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), স্টুডেন্ট ফোর্স বিডি এবং গোল্ডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা।
দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে প্রায় ২৫০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
তারা বলেন, শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ, শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিতর্কচর্চার মাধ্যমে তরুণদের গঠনমূলক চিন্তা, সহনশীলতা ও সমসাময়িক বিষয়ে সচেতন করে তোলাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের প্রথম দিনের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এনডিএফ বিডির ডিরেক্টর জেনারেল ও রেক্টর লায়ন এম আলমগীর। তিনি প্রশিক্ষক হিসেবেও অংশ নেন। এ ছাড়া রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. শিয়াবুজ্জামান চঞ্চল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় দিনের সেশনে প্রশিক্ষক হিসেবে থাকবেন এনডিএফ বিডির জয়েন্ট সেক্রেটারি নাহিদুর রহমান দুর্জয়, খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক তরিকুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক জয় লালা এবং সোনাহার ডিবেটিং সোসাইটির আহ্বায়ক আরিফ বিল্লাহ।
উদ্বোধনী পর্ব শেষে প্রথম দিনে বারোয়ারি বিতর্ক, সনাতনী বিতর্ক প্রতিযোগিতা, গেম শো ও জীবনের লক্ষ্য নির্ধারণবিষয়ক সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মতো সাংস্কৃতিক আয়োজনও ছিল।
দ্বিতীয় দিনে সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক, শুদ্ধ উচ্চারণবিষয়ক সেশন, নিউজ প্রেজেন্টেশন, র্যাম্প শো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এর আগে ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালেও এসডিএস ডিবেট ফেস্টিভাল ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল।