২৩ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন, তার অভিনীত নতুন শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’–এর দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি। শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’ প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটি প্রবাসীদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত। এর প্রথম পর্ব চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল।
আজ শনিবার ভোরে যুক্তরাষ্ট্র জায়েদ খান জানান, জোহরান মামদানি সরাসরি তার সঙ্গে অভিনয় করেছেন। তার ভাষ্য, এটি শুধু ব্যক্তিগত গর্বের বিষয় নয়, বাংলাদেশের লাল-সবুজের পতাকারও গর্ব।
মামদানিকে প্রজেক্টে যুক্ত করার বিষয়ে জায়েদ জানান, এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের উদ্যোগে। তারা মেয়রের কাছে ইমেইলের মাধ্যমে প্রস্তাব পাঠান এবং জায়েদ খানের বিষয়ে বিস্তারিত জানান। পরে মেয়রের অফিস থেকে শুটিংয়ের জন্য সময় দেওয়া হয়। সেই সময় অনুযায়ী কাজটি সম্পন্ন করা হয়।
জায়েদের ভাষ্য, বিশ্বের পরিচিত ও প্রভাবশালী একজন মেয়রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে স্বপ্নের মতো। অভিনয়ের সময় জোহরান মামদানি পরিচালকের নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করেছেন এবং পুরো কাজটি উপভোগ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।