২৩ মে, ২০২৬
যশোরে কাভার্ড ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত চার বছর বয়সী শিশু সৌবিক সাহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এ ঘটনায় আরো একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), চাউলিয়া এলাকার আনোর আলী (৭০) ও সুমন সাহার ছেলে সৌবিক সাহা (৪)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা শিশু সৌবিক সাহা দুপুর ১টা ৪৫ মিনিটে মারা যায়।
এ ঘটনায় মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।