২৩ মে, ২০২৬
হিপ-হপ দুনিয়ায় শোকের ছায়া। আশির দশকের বিশ্ব কাঁপানো পপ গান ‘ইট টেকস টু’ এর স্রষ্টা ও বিখ্যাত মার্কিন র্যাপার রব বেস আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ গোপন লড়াই শেষে ৫৯ বছর বয়সে মারা গেছেন তিনি। গত শুক্রবার তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পরিবারের পক্ষ থেকে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করা হয়েছে।
গত ১৮ মে তিনি নিজের ৫৯তম জন্মদিন উদযাপন করেছিলেন। জন্মদিন কাটার মাত্র চার দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন এই তারকা। নিউ ইয়র্কের হার্লেমে জন্ম নেওয়া রবার্ট গিনিয়ার্ড, আশির দশকে তার ছোটবেলার বন্ধু ডিজে ই-জেড রক-এর সাথে জুটি বেঁধে হিপ-হপ জগতে পা রাখেন।
১৯৮৮ সালে মুক্তি পাওয়া তাদের ‘ইট টেকস টু’ গানটি বিলবোর্ড চার্ট কাঁপিয়ে রাতারাতি তাদের তারকা বানিয়ে দেয়। এই গানটি এতটাই জনপ্রিয় ছিল যে পরবর্তীতে স্নুপ ডগ এর মতো বড় বড় তারকারা এটি রি-মিক্স করেছেন। এছাড়া হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য প্রপোজাল’ এবং বিখ্যাত গেম ‘জিটিএ সান অ্যান্ড্রেয়াস’-এও এই গানটি ব্যবহার করা হয়েছিল।
রব বেসের পরিবার জানান, রবের গান এবং তার পারফর্ম্যান্স পুরো একটি প্রজন্মকে নাচিয়েছিল। মঞ্চের বাইরে তিনি ছিলেন একজন অসাধারণ বাবা এবং ভালো মনের মানুষ। তার এই অবদান মিউজিক ইন্ডাস্ট্রি কখনোই ভুলবে না।
তার মৃত্যুর খবর প্রকাশ হতেই হলিউডের ডেন কুক থেকে শুরু করে আমেরিকার স্পোর্টস লিজেন্ড ডিওন স্যান্ডার্স সহ লাখো ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। এর আগে ২০১৪ সালে এই ব্যান্ডের মূল ডিজে এবং রবের ঘনিষ্ঠ বন্ধু ই-জেড রক ডায়াবেটিসের কারণে মারা যান।
এবার রব বেসের চলে যাওয়ার মধ্য দিয়ে আশির দশকের গোল্ডেন এজ হিপ-হপের একটি বিখ্যাত অধ্যায়ের চিরতরে অবসান ঘটল।