২৪ মে, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের বিভিন্ন পশুর হাট পরিদর্শন শেষে র্যাব-১০ এর কর্মকর্তারা এ তথ্য জানান।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, ঈদকে সামনে রেখে হাটে ক্রেতা–বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিয়ন্ত্রণ এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
তিনি আরো বলেন, হাটে আসা মানুষকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে নিকটস্থ র্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ঈদযাত্রাকে নিরাপদ রাখতে বাসের ছাদ, ট্রাক, পিকআপ বা অন্য কোনো পণ্যবাহী যানবাহনে যাতায়াত থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ট্রেনের ছাদ, বাফার ও পাদানিতে ঝুঁকিপূর্ণ ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।