২০ হাজার টাকা দামে এই ১০টি ফোন কিনতে পারবেন

২৪ মে, ২০২৬

দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দকে আরও রঙিন করতে নতুন পোশাকের পাশাপাশি একটি ভালো মানের স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে অনেকেরই। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং কর্মজীবীরা নিজের পছন্দের কিংবা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বাজেট ফ্রেন্ডলি চমৎকার সব ডিভাইস খুঁজে থাকেন। 

ক্রেতাদের এই চাহিদাকে মাথায় রেখে দেশের বাজারে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে বেশ কিছু নামী ব্র্যান্ডের দুর্দান্ত সব হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে রাজধানীর বিভিন্ন নামী শোরুম ও বিক্রয়কেন্দ্র ঘুরে ১০ থেকে ২০ হাজার টাকা বাজেটের সেরা ১০টি ফোনের প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের তুলনামূলক বিবরণ তুলে ধরা হলো, যা আপনার ঈদের কেনাকাটাকে করবে আরও সহজ।

ক্রেতাদের সুবিধার্থে বাজেট ও ফিচারের কার্যকারিতা বিবেচনা করে ক্রমানুসারে ফোনগুলোর বিবরণ নিচে সাজানো হলো-

১. স্যামসাং গ্যালাক্সি এ০৬
বাজেট যাদের একটু ভালো এবং যারা ব্র্যান্ড ভ্যালুকে প্রাধান্য দেন, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এ০৬ হতে পারে প্রথম পছন্দ। ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির দারুণ ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। স্টোরেজের জন্য এতে মিলবে ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ছবি তোলার জন্য এর পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী মেইন ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার। সুরক্ষার জন্য নক্স ভল্ট সিকিউরিটি ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা দ্রুত চার্জ করার জন্য ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে। ডিভাইসটির বাজারমূল্য ১৬ হাজার ২৯৯ টাকা।

২. অনার এক্স৫সি প্লাস
১৬ হাজার ২৯৯ টাকা বাজেটের মধ্যেই অনার নিয়ে এসেছে তাদের আকর্ষণীয় মডেল এক্স৫সি প্লাস। এই হ্যান্ডসেটে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস টিএফটি এলসিডি পর্দা ব্যবহার করা হয়েছে। গতিময় পারফরম্যান্সের জন্য এতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর। ছবি ও ভিডিওর জন্য এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ও ০.০৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫,২৬০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি এবং নিরাপত্তার জন্য আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর দেওয়া হয়েছে।

৩. ভিভো ওয়াই০৫
যারা দীর্ঘ সময় চার্জের টেনশন ছাড়া ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য ভিভোর এই ফোনটি তালিকায় বেশ ওপরের দিকে থাকবে। কারণ ভিভো ওয়াই০৫ মডেলটিতে দেওয়া হয়েছে ৬,৫০০ এমএএইচ-এর এক দানবীয় ও বিশাল ব্যাটারি। ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ইউনিসক টি৭২২৫ প্রসেসরে চলা এই ফোনের পেছনে ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মিলবে। ধুলা ও পানির হাত থেকে সুরক্ষার জন্য এতে আইপি৬৫ রেটিং এবং নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটির দাম ১৪ হাজার ৪৯৯ টাকা।

৪. রিয়েলমি নোট ৭০
মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তিসম্পন্ন রিয়েলমি নোট ৭০ ফোনটি হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না। আইপি৬৪ রেটিং থাকায় এটি ধুলাবালি ও পানির ছিটেফোঁটাতেও সম্পূর্ণ নিরাপদ। ফোনটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও আই কমফোর্ট ফিচারের ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস পর্দা। ইউনিসক টি৭২৫০ প্রসেসরের এই ফোনের পেছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই টেকসই ফোনটির দাম রাখা হয়েছে ১৪ হাজর ৪০০ টাকা।

৫. টেকনো স্পার্ক গো ৩
টেকনোর এই বাজেট ফ্রেন্ডলি ফোনটিতে মিলবে আইপি৬৪ রেটিং, যা ফোনকে ধুলা ও পানি থেকে সুরক্ষা দেবে। এতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে এবং ইউনিসক টি৭২৫০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য এর পেছনে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেল এবং সামনে ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত চমৎকার এই হ্যান্ডসেটটির দাম ১৪ হাজার ২৯৯ টাকা।

৬. শাওমি রেডমি এ৭
বাজেটের মধ্যে বড় স্ক্রিন ও বড় ব্যাটারির খোঁজে থাকলে শাওমি রেডমি এ৭ হতে পারে সেরা বিকল্প। ফোনটিতে দেওয়া হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চির বিশাল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। ইউনিসক টি৭২৫০ প্রসেসরে চালিত এই ফোনের পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও একটি অতিরিক্ত লেন্স, আর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫,২০০ এমএএইচ ব্যাটারির এই ফোনেও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। ফোনটির বাজারমূল্য ১৩ হাজার ৯৯৯ টাকা।

৭. ইনফিনিক্স স্মার্ট ১০
১৩ হাজার ৯৯৯ টাকা মূল্যের এই ফোনটিতে রয়েছে বেশ কিছু আধুনিক ফিচার। অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে টি৭২৫০ প্রসেসরের পাশাপাশি ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লের এই ফোনে সামনে ও পেছনে উভয় দিকেই ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ১৫ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটি ধুলাবালি ও পানির ছিটেফোঁটায় সহজে নষ্ট হয় না।

৮. ওয়ালটন জেনেক্স ওয়ান টি
দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের এই ফোনটি মূলত মাল্টিটাস্কিং বা একসঙ্গে একাধিক কাজ করার জন্য দুর্দান্ত। কারণ ১৩ হাজার ২৭০ টাকা বাজেটের এই ফোনে দেওয়া হয়েছে ৮ গিগাবাইটের বিশাল র‍্যাম। অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম এবং ইউনিসক টাইগার টি৬০৬ প্রসেসরের এই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ছবি তোলার জন্য পেছনে ৫২ মেগাপিক্সেলের চোখধাঁধানো মেইন ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ৫০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনের ধারণক্ষমতা মেমোরি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়।

৯. সিম্ফনি ম্যাক্স ৬০
একেবারে সীমিত বাজেটের মধ্যে যারা বড় ব্যাটারি খুঁজছেন, তাদের জন্য সিম্ফনি ম্যাক্স ৬০ একটি আদর্শ ফোন। মাত্র ১০ হাজার ৬৫০ টাকা দামের এই ফোনটিতে দেওয়া হয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। ফোনটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস পর্দা এবং ১.৬ গিগাহার্জ গতির অক্টাকোর ইউনিসক প্রসেসর। এর পেছনে এআই প্রযুক্তির ১৩ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সুরক্ষার জন্য ফেস আনলকের পাশাপাশি এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

১০. অপো এ৬কে
৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে অপো এ৬কে মডেলের ফোনটিতে। ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস পর্দা থাকায় ফোনটিতে সহজেই উন্নত রেজোল্যুশনে ছবি ও ভিডিও দেখা যায়। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। আইপি৬৪ রেটিং ও আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটির দাম ১৮ হাজার ৭৯৯ টাকা।