ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হত্যা, গ্রেফতার ৭

২৪ মে, ২০২৬

রংপুরের পীরগঞ্জে কৃষককে হত্যা করে ট্রান্সফরমার চুরির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর জেলা পুলিশের আভিযানিক দল একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা পলাশবাড়ি চকবালা গ্রামের নজমাল শেখের ছেলে জামিরুল ইসলাম (৩২), বাঁশকাটা গ্রামের আজিজার রহমানের ছেলে নুরুল আমিন (৬৮), বেড়াডাংগা গ্রামের গেল্লা সরদারের ছেলে আমিরুল ইসলাম সরদার (৫৫), গোবিন্দগঞ্জ পুরন্দুর গ্রামের মজিবর রহমানের ছেলে সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), সাদুল্ল্যাপুর কাবিলপুর সোনাতলা গ্রামের আজহার আলীর ছেলে আনিছুর রহমান (৪০), জয়পুরহাট কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের তফিজার মুন্সির ছেলে আব্দুল জলিল (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল। 

রবিবার বিকেল জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য জানান। 

তিনি বলেন, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমান রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সমিটার পাহারা দিতেন। ৭ মে সকালে সেচঘর থেকে তার পা বাঁধা রক্তাত্ব মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা ট্রান্সমিটার চুরি করে মফিজার রহমানকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে আসামী গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। 

রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কৃষক মফিজার রহমান হত্যাটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। জেলা পুলিশের চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরিতে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করেছে। সকল ধরনের অপরাধ নির্মূলে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।