২৬ মে, ২০২৬
কর্ণাটকের সাবেক রঞ্জি ক্রিকেটার সান্থেবেন্নুর লোকেশ অক্ষয়ট হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
গত রোববার (২৪ মে) বেঙ্গালুরুতে ডিভিশন ম্যাচ খেলার সময় মাঠেই মারা যান তিনি। ৩৯ বছর বয়সী অক্ষয় শিবামোগার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি কর্ণাটক প্রিমিয়ার (কেপিএল) লিগও খেলেছেন। পরবর্তীতে এই লিগের নামকরণ করা হয় মহারাজা ট্রফি কেএসসিএ টি-টোয়েন্টি।
সূত্রের তথ্য অনুযায়ী, কেআর পুরাম মাঠে তৃতীয় বিভাগের একটি ম্যাচ খেলছিলেন তিনি। বিকালের দিকে ফিল্ডিংয়ের সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কাছাকাছি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভারতের সাবেক ক্রিকেটার ও কর্ণাটকের খেলোয়াড় দোদ্দা গণেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে বলেন, ‘এটি ক্রিকেট মহলের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ। দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখা এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই পরিচিত ছিলেন এবং খুবই শান্ত স্বভাবের একজন মানুষ ছিলেন। ২০১১/১২ মৌসুমে কর্ণাটকের হয়ে তিনি ভালো পারফরম্যান্সও করেছিলেন। ই খবর সত্যিই খুব কষ্টের। তার মতো একজন ভদ্র ও পরিশ্রমী ক্রিকেটার আজ আমাদের মাঝে নেই—এটা মেনে নেওয়া কঠিন। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিক।’
শোক জানিয়ে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানায়, ‘অক্ষয় প্রথম শ্রেণির ক্রিকেটে কর্ণাটককে সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। খেলোয়াড়ী জীবন শেষ হওয়ার পরও তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন এবং পুরো নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে খেলার সেবা করে গেছেন। কেএসসিএ জানায়, কোচ হিসেবে তিনি জুনিয়র পর্যায়ে তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার প্রশিক্ষণ ও দিকনির্দেশনা কর্ণাটকের ক্রিকেট প্রতিভা বিকাশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।’