ব্রুকলিন ব্রিজের সামনে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

২৮ মে, ২০২৬

অবশেষে অপেক্ষার পালা শেষ। নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে এক জমকালো অনুষ্ঠানে দল ঘোষণা করেন কোচ মাউরিসিও পচেত্তিনো।

দল ঘোষণার পর পচেত্তিনোর কণ্ঠে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, সফলতার জন্য এটাই সেরা ২৬ জনের দল। সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না, কিন্তু এই দল দেশের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।'

দলে রয়েছেন ইউরোপের অভিজ্ঞ তারকারা। ক্রিস্টিয়ান পুলিসিচ, টায়লার অ্যাডামস ও ওয়েস্টন ম্যাকেনিকে ঘিরেই গড়া হয়েছে দল। ২০২২ কাতার বিশ্বকাপে খেলা ১৩ জন ফিরেছেন এবারও, সঙ্গে রয়েছে প্রথমবার বিশ্বকাপে যাওয়া আরও ১৩ জন তরুণ।

দলের সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য মুখ পুলিসিচ। জাতীয় দলের হয়ে ৮৪ ম্যাচে ৩২ গোল করা এই ফরোয়ার্ড ২০২২ সালে যুক্তরাষ্ট্রের একমাত্র জয়ের নায়ক ছিলেন। দল ঘোষণার পর তিনি বলেন, 'এই দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার বড় গর্ব। আপনাদের গর্বিত করতে আমি সবটুকু দিয়ে লড়ব।'

তবে দলে কিছু চমকও রয়েছে। অনেকদিন ধরে জাতীয় দলে নিয়মিত না থাকা জিও রেইনা দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তার জায়গা নিশ্চিত করতে বাদ পড়েছেন ট্যানার টেসমান। আরেক চমক আলেজান্দ্রো জেন্দেজাসের অন্তর্ভুক্তি, যিনি সম্ভবত ডিয়েগো লুনার জায়গা কেড়ে নিয়েছেন। 

বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে থাকা যুক্তরাষ্ট্র দলটি ২০২১ সাল থেকে মূলত ১১ থেকে ১৮ নম্বরের মধ্যে ঘোরাফেরা করছে। বিশ্বকাপ ইতিহাসে তাদের সাফল্য খুব বেশি উজ্জ্বল নয়। ১৯৫৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত টানা বিশ্বকাপ মিস করেছিল তারা। এরপর গত আট আসরের সাতটিতে খেললেও শেষ ষোলো পেরিয়েছে মাত্র একবার, ২০০২ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

পচেত্তিনো খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এক ভিন্ন উদাহরণ টেনেছেন। আর্জেন্টাইন বংশোদ্ভূত এই কোচ ১৯৮০ সালের যুক্তরাষ্ট্রের অলিম্পিক হকি দলের অবিশ্বাস্য সোনা জয়ের গল্প শোনাচ্ছেন দলকে। তাঁর ভাষায়, 'আমি খেলোয়াড়দের বলি কেন আমরা নই? খেলাধুলায় প্রথমে বিশ্বাস করতে হয়, তারপর কঠোর পরিশ্রম করে নিজের প্রাপ্য আদায় করতে হয়।'

‘ডি’ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র। ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ, ১৯ জুন সিয়াটলে অস্ট্রেলিয়া এবং ২৫ জুন আবার ইংলউডে তুরস্কের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের আগে সেনেগাল ও জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে দলটি।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক- ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিস, ম্যাট টার্নার
ডিফেন্ডার- ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি
মিডফিল্ডার- টায়লার অ্যাডামস, সেবাস্তিয়ান বার্হল্টার, ওয়েস্টন ম্যাকেনি, ক্রিস্টিয়ান রোল্ডান
উইঙ্গার- ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিচ, জিও রেইনা, মালিক তিলমান,টিম উইয়াহ, আলেজান্দ্রো জেন্দেজাস
ফরোয়ার্ড- ফোলারিন বালাগুন, রিকার্ড পেপি, হাজি রাইট