২৮ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার সিলেট জেলা ও মহানগরী মিলিয়ে মোট ২ হাজার ৭০৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগর এলাকায় ৩৯৬টি এবং জেলার আওতাধীন এলাকায় ২ হাজার ৩১০টি জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মহানগরীর ৩২৫টি মসজিদ ও ৭১টি ঈদগাহে এবং জেলার ১ হাজার ৯৯০টি মসজিদ ও ৩২০টি ঈদগাহ ময়দানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন।
প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এই প্রধান জামাতে নামাজের আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান।
শাহী ঈদগাহের এই জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
বিশ্বখ্যাত ওলিয়ে কামেল হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। দরগাহ মসজিদের এই জামাতে ইমামতি করবেন প্রধান ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ভারি ঝড়-বৃষ্টি হলে দরগাহ মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে প্রথম জামাত ঠিক রেখে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।
এদিকে ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।