নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২৯ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার টি আলী বাড়ি মোড়ের এলাকার একটি পুকুর থেকে বৃহস্পতিবার বিকেলে হোসেন মিয়া (৩৭) নামে নিখোঁজ এক সিএনজিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

হোসেন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা। গত ২৫ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর তিনটার দিকে ওই এলাকার একটি পুকুরে কোনো কিছু ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে কাছে গিয়ে সেটি লাশ বলে নিশ্চিত হন তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইণচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে কি ঘটেছে জানার চেষ্টা চলছে।